শিরোনাম

ঢাকা, ২৪ মে ২০২৬ (বাসস): নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে একটি একনলা বন্দুক ও দু’টি রকেট ফ্লেয়ারসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ (রোববার) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া থানার টাংকির বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশ।
অভিযানে চিহ্নিত সন্ত্রাসী বাবুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও দু’টি রকেট ফ্লেয়ারসহ বাবুলকে আটক করা হয়।
এর আগেও বিভিন্ন মামলায় বাবুলকে একাধিকবার পুলিশ আটক করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।