শিরোনাম

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য জেট এ-১ (এভিয়েশন ফুয়েল)-এর দাম লিটার প্রতি যথাক্রমে ৩৯.৫৭ টাকা ও ০.২৫৬২ ডলার কমিয়েছে।
গতকাল (শনিবার) সন্ধ্যায় বিইআরসি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ৩৯.৫৭ টাকা কমিয়ে ২০৫.৪৫ টাকা থেকে ১৬৫.৮৮ টাকা করা হয়েছে।
এছাড়াও, বিইআরসি আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য দাম লিটার প্রতি ০.২৫৬২ ডলার কমিয়ে ১.৩৩৮৫ ডলার থেকে ১.০৮২৩ ডলার করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মূল্য গত ২৩ মে মধ্যরাত ১২টা থেকে কার্যকর হয়।
এর আগে, বিইআরসি প্রথমবারের মতো ২০২৫ সালের মে মাসের জন্য জেট ফুয়েলের মূল্য ঘোষণা করে এবং জানায় যে, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হবে।
এছাড়াও, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সময়ে সময়ে মূল্য নির্ধারণ করে থাকে।
বিইআরসি’র এক কর্মকর্তার মতে, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশেও তা বাড়ানো হবে এবং কমলে স্থানীয় বাজারেও তা কমানো হবে।’
বিইআরসি জানায়, ৫ মে থেকে ২১ মে পর্যন্ত প্ল্যাটস রেটের গড় বিবেচনা করে ২০২৬ সালের মে মাসের জন্য জেট ফুয়েলের মূল্য কমানো হয়েছে।
শনিবার, নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২ (খ) এবং ৩৪ ধারা অনুযায়ী একটি গণশুনানি করে।