শিরোনাম

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস): ঈদুল আযহাকে সামনে রেখে সিলেট থেকে কেনা তিনটি গরু চট্টগ্রামে নেওয়ার পথে গত সপ্তাহে ছিনতাইয়ের শিকার হয়।
গতকাল (শনিবার) রাজধানীর বংশাল থানাধীন আগা সাদেক রোডের একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়েছে। গরু তিনটির আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা।
আজ (রোববার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত বুধবার রাতে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন রাতে গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরুগুলো ছিনতাই করে নিয়ে যায়। ওই ঘটনায় নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাজধানীর বংশালে একটি মাংসের দোকানে অভিযান পরিচালনা করে বংশাল থানা পুলিশের একটি টিম। এসময় ছিনতাই করা গরু তিনটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে সেগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। কোরবানির গরু ফেরত পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।