বাসস
  ২৩ মে ২০২৬, ২১:৫৫

ফরিদপুরে ৫.৪ মেগাওয়াটের রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ফরিদপুরে ৫ দশমিক ৪১৮৭৭ মেগাওয়াট পিক (ডিসি) ও ৪ দশমিক ২৯ মেগাওয়াট এসি ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে আজ শনিবার এ প্রকল্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্রকল্পটি ক্যাপেক্স মডেলে বাস্তবায়ন করা হয়েছে।

প্রকল্পটি ৩৩ কেভি ভোল্টেজ স্তরে ওজোপাডিকোর ৩৩/১১ কেভি গোয়ালচামট উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। উদ্বোধনের পর প্রতিমন্ত্রী জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর মিয়াসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বলেন, জোবাইদা করিম জুট মিল অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি মডেল হতে পারে। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও জনসেবার মানসিকতা নিয়ে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

তিনি আরও বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের ২১টি জেলায় ডিসি অফিস, এসপি অফিস, হাসপাতালসহ বিভিন্ন সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রায় ১২০ একর জমির ওপর প্রতিষ্ঠিত জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের ৩ লাখ ৪ হাজার ৩৭৪ বর্গফুট ছাদে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। শিল্প খাতে বিদ্যুৎ ব্যয় হ্রাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

জুম প্ল্যাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) চেয়ারম্যান নূর আহমদ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (বিতরণ) ও ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আ ন ম ওবায়দুল্লাহ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে ওজোপাডিকোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর মিয়া, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।