শিরোনাম

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গাজীপুরের সফিপুরে অবস্থিত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে। বাংলাদেশের জুতা ও চামড়াশিল্পে বৈশ্বিক মানদণ্ড, টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার পর্যবেক্ষণে এ সফর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
ওশি ফাউন্ডেশনের প্রজেক্ট হেড মো. আলম হোসেনের সমন্বয়ে আয়োজিত এ পরিদর্শনে প্রতিনিধি দলকে স্বাগত জানান এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের জিএম মো. নাসরুল্লাহসহ অন্য কর্মকর্তারা।
প্রতিনিধি দল প্রথমে এপেক্সের ট্যানারি ইউনিট পরিদর্শন করে, যা দেশের প্রথম ‘এলডব্লিউজি গোল্ড রেটেড’ সুবিধাসংবলিত ট্যানারি হিসেবে পরিচিত। পরে তারা জুতা উৎপাদন ইউনিটগুলো ঘুরে দেখেন। এ সময় আধুনিক উৎপাদনপ্রযুক্তি, দক্ষ জনবল, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বিশ্বমানের নকশা সক্ষমতা সম্পর্কে ধারণা নেন তারা। উৎপাদন প্রক্রিয়ায় ইউরোপীয় প্রযুক্তি ও দক্ষতার প্রয়োগও প্রতিনিধি দলের নজর কাড়ে।
পরিদর্শন শেষে সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘পণ্যের মান ও টেকসই উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের উৎপাদনশিল্প কতদূর এগোতে পারে, তা ইউরোপীয় অংশীদারদের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। এই সফর বাংলাদেশের শিল্প খাতের প্রতি ইউরোপীয় দেশগুলোর আস্থার প্রতিফলন।’
এপেক্সের পরিবেশবান্ধব উদ্যোগ, অন্তর্ভুক্তিমূলক পরিচালনা পর্ষদ, উন্নত উৎপাদনব্যবস্থা ও বিশ্বমানের নকশার প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এ সফর ইউরোপ ও বাংলাদেশের শিল্প খাতের মধ্যে বিদ্যমান শক্তিশালী সম্পর্কেরই প্রতিফলন।