বাসস
  ২৩ মে ২০২৬, ১৯:০৪

সাবেক উপমন্ত্রী জ্যাকবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস) : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সংসদ সদস্য এবং পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগার থেকে আদালতে হাজির করার পর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাকে জেলগেটে এক দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখা এবং বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে গত বছরের ২৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক এস এম রাশেদুর রেজা মামলা দায়ের করেন।

২০২৪ সালের ১ অক্টোবর ঢাকার গুলশান এলাকা থেকে জ্যাকবকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।