শিরোনাম

ঢাকা, ২২ মে, ২০২৬ (বাসস) : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী শিশু রামিসার নৃশংস হত্যায় জড়িতদের দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে নির্দেশ প্রদান করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
রামিসা হত্যার নৃশংস ও মর্মান্তিক ঘটনায় সুপ্রিম কোর্ট বার সম্পাদক গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ আশাবাদ ব্যক্ত করেন যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
তিনি বলেন, একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
এডভোকেট মোহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কারণ তারা ইতোমধ্যে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ন্যায়বিচারের আওতায় এনে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার নির্দেশ প্রদান করেছেন।
সুপ্রিম কোর্ট বার সম্পাদক হিসেবে এডভোকেট মোহাম্মদ আলী রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় যে কোনো আইনি সহায়তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।