শিরোনাম

ঢাকা, ২২ মে, ২০২৬ (বাসস): রাজধানীর গাবতলী এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসন এবং আসন্ন ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত নতুন বাইপাস সড়ক উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার বিকেলে গাবতলী ইন্টারসেকশন থেকে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত নির্মিত এ বাইপাস সড়কের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, সড়কটি উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজই এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, বাইপাস সড়কের পশ্চিম পাশে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ১৬ তলা আবাসন ভবনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এই সড়ক ব্যবহার করবেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, টেকনিক্যাল মোড় হয়ে বাংলা কলেজ ইউটার্নের কারণে গাবতলী বাস টার্মিনাল এলাকায় সবসময় তীব্র যানজট সৃষ্টি হয়। ট্রাফিক বিভাগের অনুরোধ এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএনসিসির প্রকৌশল বিভাগ দিন-রাত কাজ করে অল্প সময়ের মধ্যেই সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, নতুন এই সড়ক চালু হওয়ায় আন্তঃজেলা বাসগুলো সরাসরি বাইপাস ব্যবহার করে গাবতলী বাস টার্মিনালে প্রবেশ করতে পারবে। এতে যানজট অনেকাংশে কমবে এবং এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, গাবতলীর পশুর হাটকে কেন্দ্র করে যাতে যানজট না হয়, সে বিষয়ে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগ ও পশুর হাট ইজারাদারদের সঙ্গে একাধিক যৌথ সভার মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী ছোট ট্রাকে পশু নামানো হবে এবং কোনো যানবাহন প্রধান সড়কে দাঁড়াতে পারবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, ‘৯ নম্বর ওয়ার্ডস্থিত গাবতলী ইন্টারসেকশন হতে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ডেলিগেটেড বাস চলাচলের জন্য নির্মিত বাইপাস সড়ক’ প্রকল্পের আওতায় ডিএনসিসি’র প্রকৌশল বিভাগ ২৫০ মিটার সড়ক, নর্দমা, ফুটপাত, মিডিয়ান এবং ৫০০ মিটার বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে।