শিরোনাম

ঢাকা, ২১ মে ২০২৬ (বাসস) : জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে গতকাল বুধবার তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় নয়জন, শেরেবাংলা নগর থানায় ১৩ জন, মোহাম্মদপুর থানায় ৩৮ জন, আদাবর থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১২ জন এবং হাতিরঝিল থানায় ১৩ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।