শিরোনাম

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস): আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর টেকসই বৃদ্ধি ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে।
আজ বন অধিদপ্তরের সভাকক্ষে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়সারাভাবে বৃক্ষরোপণে বিশ্বাস করে না। প্রতিটি গাছ যেন পরিবেশ ও দেশের জন্য কার্যকর অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
উল্লিখিত বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক জাতীয় সেলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজ বলেন, বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি তাদের বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং দেশব্যাপী সমন্বিত বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারে বিভিন্ন পরামর্শ দেন।
সভায় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি, বন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।