বাসস
  ২১ মে ২০২৬, ২০:৩৪
আপডেট : ২১ মে ২০২৬, ২২:৩০

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ চায় এনডিএফ

ছবি : ন্যাশনাল ডক্টরস ফোরাম

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব করেছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একই সঙ্গে জাতীয় স্বাস্থ্যবীমা চালু ও জেলা পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের সুপারিশ করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় স্বাস্থ্য বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও গবেষক ডা. মিজানুর রহমান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য খাতে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ ব্যয় প্রয়োজন। বর্তমানে দেশে সরকারি স্বাস্থ্য ব্যয় মাত্র জিডিপির শূন্য দশমিক ৭ শতাংশ।

বৈঠকে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, জেলা পর্যায়ে আধুনিক চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতা এবং রাজধানীকেন্দ্রিক সেবার কারণে অনেক মানুষ কাক্সিক্ষত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এনডিএফের পক্ষ থেকে মাথাপিছু স্বাস্থ্য বরাদ্দ ১০০ ডলারে উন্নীত করারও প্রস্তাব করা হয়। পাশাপাশি জেলা পর্যায়ে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ক্যান্সার ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র সম্প্রসারণ করে জেলাগুলোকে মেডিকেল হাবে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়।

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহউদ্দিন ফরিদ। এ ছাড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী বক্তব্য দেন।

সংসদ সদস্য ডা. মোসলেহউদ্দিন ফরিদ স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি, শূন্য খরচে স্বাস্থ্যখাত সংস্কার এবং বৈষম্য কমিয়ে জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. এম এ সবুর, অধ্যাপক ডা. শাদরুল আলম, অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া ও অধ্যাপক ড. মহসিন আহমেদসহ অন্যরা। 

বক্তারা কার্যকর স্বাস্থ্যবীমা ও শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেন।