বাসস
  ১৯ মে ২০২৬, ১৮:৪৪

হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু

ঢাকা, ১৯ মে, ২০২৬ (বাসস) : হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ শিশু মারা গেছে। এর মধ্যে দু’জনের হাম শনাক্ত হয়েছিল এবং হামের উপসর্গ ছিল ৯ জনের।

একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ২৬৪ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৩ জন। হামে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ শিশু।

আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৬৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৮৬ জন।

সংবাদ বিজ্ঞপ্তিটি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৫৪৪ জন, রাজশাহী বিভাগে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, সিলেট বিভাগে ৯৫ জন,  খুলনা বিভাগে ৯০ জন এবং রংপুর বিভাগে ১০ জন।
 
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৩ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭ হাজার ৯২৯ জন।

১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত হাম রোগে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৯৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৯০ জন।

গত ২৪ ঘণ্টায় দু’জনসহ এ পর্যন্ত নিশ্চিত হামে ৭৭ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে ৯জনসহ এখন পর্যন্ত সন্দেহজনক হামে ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৭ হাজার ৩৬৫ জন সন্দেহভাজন হাম রোগী ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৬৪ জন।