বাসস
  ১৮ মে ২০২৬, ২০:০৬

বিমান চলাচলে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

ছবি: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশের দ্রুত সম্প্রসারণশীল বিমান পরিবহন অবকাঠামো এবং বড় আকারের বিমানবন্দর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ও প্রশিক্ষিত বিমান চলাচল জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তাফা মাহমুদ সিদ্দিক।

আজ বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে সিভিল এভিয়েশন একাডেমির আয়োজনে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) উন্নত ‘ট্রেনিং ইনস্ট্রাক্টরস কোর্স (টিআইসি)’-এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও সম্প্রসারণ এবং কক্সবাজার বিমানবন্দর উন্নয়নসহ বড় প্রকল্পগুলো বাস্তবায়নে এমন পেশাদার জনবল প্রয়োজন, যারা আন্তর্জাতিক মানের পরিচালন দক্ষতা ধারণ করে।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, সিভিল এভিয়েশন একাডেমি বিমান খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি ধীরে ধীরে একটি উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

তিনি জানান, একাডেমি বর্তমানে আন্তর্জাতিক মানসম্পন্ন দুটি কোর্স ‘রুলস অব দ্য এয়ার’ এবং ‘এরোড্রোম অপারেশনস ফর এটিসিওস’ উন্নয়ন করছে, যা পেশাগত দক্ষতা বাড়াবে এবং আন্তর্জাতিক স্বীকৃত প্রশিক্ষণ কার্যক্রমের নতুন সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত মোট ২৪ জন কর্মকর্তা সফলভাবে টিআইসি কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান। সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বিমান প্রশিক্ষণ ও ভবিষ্যৎ সক্ষমতা উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।