শিরোনাম

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস): শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত অবস্থায় চিকিৎসক ডা. নাসির উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
আজ দুপুরের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন।
চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত যুগোপযোগী চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান সংগঠনটির নেতারা।
ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের চিকিৎসক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।