বাসস
  ১৮ মে ২০২৬, ১৯:০৬

অ্যাটকোর এনওসি নির্দেশনার নিন্দা-প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস): অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) জারি করা ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ করা সংক্রান্ত বিজ্ঞপ্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ এক যৌথ বিবৃতিতে পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন দুটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কর্মস্থল পরিবর্তন, নিজের উপযুক্ত কর্মস্থল বেছে নেওয়া এবং স্বাধীনভাবে কাজ করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। কোনো সংগঠন বা মালিকপক্ষ একতরফাভাবে এমন নির্দেশনা জারি করে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতার অধিকার খর্ব করতে পারে না।
তারা বলেন, কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে এনওসি বাধ্যতামূলক করা এবং তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এটি শ্রম আইন, সাংবাদিকতার নৈতিকতা ও স্বাধীন গণমাধ্যম চর্চার পরিপন্থি।

এ ধরনের সিদ্ধান্ত গণমাধ্যমে কাজের সুষ্ঠু পরিবেশ নষ্ট করবে, গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয়, অপেশাদার ও অনিশ্চয়তা তৈরি করবে।

ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতন-ভাতা, বোনাসের নিশ্চয়তা নেই। পাশাপাশি সুনির্দিষ্ট বেতন কাঠামো ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত নেই। এমতাবস্থায় অ্যাটকো যে সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা বেআইনি ও মানবাধিকারের চরম লংঘন।

নেতৃবৃন্দ অবিলম্বে অ্যাটকোর এ বিজ্ঞপ্তি প্রত্যাহারসহ সাংবাদিকদের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।