শিরোনাম

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস) : দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঈদের দিন ছাড়া প্রতিদিনই খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে ঢাকা, চট্টগ্রাম, মোংলা, আইসিডি কমলাপুর, পানগাঁওসহ বিভিন্ন কাস্টমস হাউস ও কমিশনারেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, ঢাকা ও চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।