বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ২১:১৯

হামে ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১,১৯৭

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস): গত ২৪ ঘণ্টায় দেশে হামে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ১৯৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ১৬৫ জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৩ হাজার ৪৪৩ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬০৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিয়েছে ১২ হাজার ৩৯৬ জন। 

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে ১৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৩৪৩ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৯৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।