শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ শিরোনামে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক পর্যটন মেলা আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে| ভ্রমণ, বিমান চলাচল ও আতিথেয়তা খাতের বিভিন্ন সেবা তুলে ধরতে এবারের মেলায় অংশ নিচ্ছে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান।
মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীন ও আয়োজক দেশ বাংলাদেশ থেকে ৫০টিরও বেশি সংস্থা অংশগ্রহণ করছে| ১০টি প্যাভিলিয়ন ও ৮০টিরও বেশি বুথে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এই মেলার ২১তম আসর বসছে| এয়ার অ্যাস্ট্রা ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগিতায় পাক্ষিক পর্যটন বিচিত্রা ‘দ্য বাংলাদেশ মনিটর’ এই মেলার আয়োজন করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং সংসদ সদস্য এম নাসের রহমান।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকেটে বিশেষ ছাড়, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং এবং মেডিকেল ট্যুরিজমসহ বিভিন্ন সেবার ওপর আকর্ষণীয় অফার দিবে।
আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।