শিরোনাম

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম- এর সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার গুলশানের সোসাইটি জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দোয়া মাহফিলে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। তিনি তার সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে বলেন, তার সহধর্মিণী একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। তিনি নিয়মিত নামায আদায় করতেন এবং রোজা রাখতেন।
স্পিকার তার সহধর্মিণী ও মৃত মা-বাবাকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। একই সাথে তিনি দেশ ও জাতির কল্যাণে সকল নাগরিককে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, দিলারা হাফিজ গত ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
দোয়া মাহফিলে জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার, সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাবৃন্দ, ভোলা-৩ আসনের বিএনপি’র নেতাকর্মী ও আপামর জনসাধারণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।