শিরোনাম

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীদের দুই মাসব্যাপী আধুনিক ধান উৎপাদন প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ সোমবার গাজীপুরস্থ সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শুরু হয়। এ উপলক্ষ্যে ব্রি-প্রশিক্ষণ বিভাগ ‘ব্রি অগ্রগতি ও অর্জন’ শীর্ষক কর্মশালা আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা ও প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসসির সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি-পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।
অনুষ্ঠানে মোবাশ্বের মোনেম বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহ বিশেষ করে ব্রি’র বিজ্ঞানীরা নিরলস কাজ করে চলেছেন। উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে তারাই মূলত দেশের কৃষি খাতকে বাঁচিয়ে রেখেছেন। তবে গবেষণা থেকে প্রাপ্য ফলাফল সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। তবেই একজন বিজ্ঞানীর গবেষণা কর্ম সার্থক হবে।
তিনি বলেন, কর্মক্ষেত্রে প্রাপ্য সুযোগ-সুবিধার অভাবে এসব বিজ্ঞানীদের অনেকেই দেশের বাইরে চলে যাচ্ছেন। তাই মেধার এ অপচয় রোধে তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে।