শিরোনাম

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা-নজরুলের ‘লেটোগান ও কবিগান’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই ‘কাজী নজরুল ইসলামের লেটোগান ও কবিগান: লোক ঐতিহ্য, সৃজনশীলতা ও বিদ্রোহী চেতনার উৎসসন্ধান’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করা হয়।
প্রবন্ধ পাঠ করেন সরকারি সংগীত কলেজের লোকসংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কমল খালিদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।
শুভেচ্ছা বক্তৃতা করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহবাজীন রহমান।
আয়োজনের দ্বিতীয় পর্বের শুরুতেই পরিবেশিত হয় লেটোগান ‘অন্ধরাজা’। পরিচালনা ও রুপায়ণে ছিলেন ড. কমল খালিদ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সায়মা আহমেদ লিজা। লেটোগান পরিবেশনায় ছিলেন লেটোগানের দল ‘নিমশা লেটোদল’ ও ‘মেদেনীপুর লেটোদল’।
এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘কবির লড়াই’ পরিবেশিত হয়।
পরিচালনা ও রূপায়ণে ছিলেন জীবন চৌধুরী। কবিয়াল জীবনউড়ের সঙ্গে গানে গানে লড়াই করেন কবিয়াল গুমানী বাবু। পরিবেশনায় ছিলেন জীবন চৌধুরী-গুমানী বাবু, বাবুল হোসাইন- জীবনউড়ে, মামুন হোসাইন- সূত্রধর/ কয়ালী। দোহারে ছিলেন শান, সৈয়দ মাসুমুর রহমান, জয়ন্ত বিকাশ দাস, মাহমুদা আক্তার রূপা, আরবী ইসলাম স্বর্ণা, জান্নাত আরা শ্যামলী, অনন্যা রায় ও নারায়ণ দেব।