শিরোনাম

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। তাই সবার আগে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে যুবদলের নেতাকর্মীদের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে।
তিনি বলেন, যুবদল সবচেয়ে সুশৃঙ্খল একটি সংগঠন। যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় অতীতের মতোই প্রস্তুত আছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমসাময়িক বিষয়াবলি ও সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের কর্মীসভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। কমিটি বিলুপ্ত হওয়ার পরও সভাপতি দীপ্তি ও সাধারণ সম্পাদক শাহেদের নেতৃত্বে নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করে আসছে। সাংগঠনিক প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিলুপ্ত চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি গত ২৫ আগস্ট পুনর্বহাল করা হয়েছে। অতি শিগগিরই চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠন করা হবে।
তিনি আরও বলেন, সারা বাংলাদেশসহ ও দেশের বাইরে বিভিন্ন ইউনিট কমিটি মিলিয়ে সর্বমোট যুবদলের ৮২টি ইউনিট কমিটি রয়েছে। ঢাকার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হলো চট্টগ্রাম মহানগর যুবদল। দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করা হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
কর্মীসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ ইলিয়াস, জাহাঙ্গীর আলম, আবদুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, অ্যাডভোকেট ফিরোজ, মজিবুর রহমান, আবু সুফিয়ান প্রমুখ।