শিরোনাম

বাগেরহাট, ১ মার্চ, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। একই সময়ে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে খাল খনন কর্মসূচি চালু করেন। তাঁর দূরদর্শী চিন্তা আজও দেশের জন্য প্রাসঙ্গিক ও অপরিহার্য।
গতকাল (শনিবার) বাগেরহাটের রামপাল উপজেলার মিঠাখালি ইউনিয়নের সাহেবেরমেঠ গ্রামে মাদুরপাল্টা বাজার ব্রিজ সংলগ্ন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অন্যায় ও সহিংসতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। নতুন প্রজন্মের স্বার্থে দেশকে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।
'আমরা আজ আছি, কাল থাকব না; কিন্তু এই জনপদ আমাদের সন্তানদের জন্য নিরাপদ ও বাসযোগ্য রেখে যেতে হবে,'—উল্লেখ করে সকলকে সঠিক পথে থাকার আহ্বান জানান তিনি।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ এবং সিএনআরএস-এর উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান।
জানা যায়, যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে মোংলা উপজেলায় মাদুরপাল্টা বাজার ব্রিজ সংলগ্ন খালসহ মোট চারটি খালের ৮.৩৪ কিলোমিটার পুনঃখনন কাজ চলছে।
এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫৯ লাখ ৬৭ হাজার টাকা। আগামী ২৫ মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।