শিরোনাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২১ শতাংশ জাল ভোট পড়েছে দাবিতে টিআইবির বরাতে গুজব ছড়ানো শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।
সংস্থাটি জানিয়েছে, নির্বাচনে ২১.৪ শতাংশ জাল ভোট পড়ার বিষয়টি গুজব।
রিউমার স্ক্যানার আরও জানায়, সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-কে উদ্ধৃত করে নির্বাচনে ২১.৪ শতাংশ জাল ভোটের দাবিটি প্রচার করা হয়। এ ঘটনার পরে সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করে টিআইবি।
দুর্নীতিবিরোধী সংস্থাটি জানায়, এই ২১.৪% সংখ্যাটি জাল ভোটের নয়, এটি তাদের পর্যবেক্ষণকৃত ৭০ আসনের ২১.৪% আসনে (অর্থাৎ ১৪.৯৮টি আসনে) এক বা একাধিক জাল ভোটের ঘটনা পরিলক্ষিত হওয়ার।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, ‘মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নমুনাভিত্তিকভাবে নির্বাচিত ৭০টি আসনের মধ্যে ২১.৪ শতাংশ আসনে এক বা একাধিক জালভোট দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ তথ্যকে পুরো নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়েছে- এমনভাবে ব্যাখ্যা করা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক।’
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
সম্প্রতি রিউমার স্ক্যানারের এক প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ ১৩৩ টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান।
অন্যদিকে, দল হিসেবেও সর্বোচ্চ ৩৬০ টি গুজবের শিকার বিএনপি।