বাসস
  ১২ মার্চ ২০২৬, ২৩:১৮
আপডেট : ১২ মার্চ ২০২৬, ২৩:২৭

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় এতিমদের নিয়ে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে ঢাবি ছাত্রদল। ছবি: বাসস

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

আজ রাজধানীর আজিমপুর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা এবং ছাপড়া মসজিদ সংলগ্ন মাদরাসা রাহমানিয়া হাফিজিয়ায় এই ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয়।

দু’টি ভিন্ন ভেন্যুর এ কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক এতিম ও মাদরাসা শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘গতানুগতিক জাঁকজমকপূর্ণ ইফতার না করে কেবল এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের ইফতার করানোর উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবছর রমজান মাসে সমাজের অবহেলিত শ্রেণি, বিশেষ করে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করতেন। আমাদের এই প্রয়াসের মাধ্যমে আমরা তাঁর সেই মহতী দৃষ্টান্তকেই অনুসরণ করার চেষ্টা করছি।’

অনুষ্ঠানে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।