বাসস
  ১২ মার্চ ২০২৬, ২৩:১৩

সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় পরিবেশ প্রতিমন্ত্রীর শোক

ছবি: সংগৃহীত

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আজ মোংলা-খুলনা মহাসড়কে একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসটি দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় আরো দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে মোংলা পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও তার পরিবারের ১০ সদস্য রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার পরপরই বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন। 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এই দুঃখজনক ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।