শিরোনাম

রংপুর, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রংপুর মহানগরের প্রবেশদ্বার মডার্ন মোড়ে সাব কন্ট্রোল রুম স্থাপন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ।
আজ বিকেলে এক অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী প্রধান অতিথি হিসেবে এই সাব-কন্ট্রোল রুম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে র্যাব-১৩ এর ডেপুটি কমান্ডার মেজর মো. সাইফুল ইসলাম এবং জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ঈদে বাড়ি ফেরা যাত্রী ও ঈদ-পরবর্তী সময় যাত্রীদের সেবা দিতে সার্বক্ষণিক কাজ করবে এই সাব-কন্ট্রোল রুম। বাসস্ট্যান্ড ও টার্মিনালে চাঁদাবাজি, ‘অজ্ঞান’ পার্টি ও ‘মলম’ পার্টি প্রতিরোধে আরপিএমপি ও র্যাব-১৩ সার্বক্ষণিক নজরদারি করবে।
অনুষ্ঠানে আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী বলেন, প্রতি বছরের মতো এ বছরও আমরা সাব-কন্ট্রোল রুম চালু করেছি। সাধারণ যাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে এখানে নিয়োজিত পুলিশ সদস্যরা সার্বক্ষণিক কাজ করবে।
তিনি ঈদ উৎসবের সময় বাসের ছাদে যাত্রী পরিবহন না করতে বাস মালিকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ নিহত হয়। তাছাড়া নিরাপদ চলাচলের জন্য কোনো ধরনের যানবাহন সড়কে পার্কিং রাখা যাবে না। পুলিশ ঈদের সময় মহাসড়কে তিন-চাকার যানবাহন চলাচল প্রতিরোধে কাজ করবে।