শিরোনাম

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত মোহাম্মদ সুমনের চিকিৎসায় তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ বিকেলে রাজধানীর রুপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমনের বাড়িতে যায়।
এসময় তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। সেইসঙ্গে চিকিৎসায় সহায়তাও করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমন পল্লবীতে নির্বাচনী পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার চিকিৎসার বিষয়ে আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল চিকিৎসা সহায়তা প্রদান করেছে। সুমনের চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।