বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮

আমার এই জয় নারায়ণগঞ্জের আপামর জনতার : আবুল কালাম

ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচনী ফলাফলের চূড়ান্ত বাঁশি বাজার পর থেকেই নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে বন্দর সবখানেই বইছে উল্লাসের হাওয়া। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট আবুল কালাম। তিনি এই আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বিজয়কে ‘নারায়ণগঞ্জের আপামর জনতার জয়' বলে অভিহিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ফলাফল নিশ্চিত হওয়ার পর নিজ বাসভবনে সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন আবুল কালাম। আবেগআপ্লুত কণ্ঠে তিনি বলেন, এই জয় আমার একার নয়, এই জয় নারায়ণগঞ্জের আপামর জনতার। কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের অনুভব। নারায়ণগঞ্জবাসীর সমর্থন, ভালোবাসা, দোয়া দিয়ে আমাকে জয়ী করার জন্য যে অবদান রেখেছেন, তার জন্য অন্তর থেকে ধন্যবাদ।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, মানুষ কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পেরেছে, এটাই আমাদের বড় পাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর নারায়ণগঞ্জবাসী তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।