শিরোনাম

কুমিল্লা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করতে হলে ১১ দলীয় জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, দেশের মানুষ বারবার দুর্নীতির বিরুদ্ধে কথা শুনলেও বাস্তবে তার প্রতিফলন দেখেনি।
সোমবার বিকেলে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের নাঙ্গলকোট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইয়াছিন আরাফাতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘যে দল একাধিকবার দুর্নীতির অভিযোগে সমালোচিত হয়েছে, তারাই আবার জাতিকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশ্বাস দিচ্ছে। অথচ বাস্তবতা ভিন্ন। জামায়াতে ইসলামী প্রমাণ করেছে-দুর্নীতি ছাড়াও রাষ্ট্র পরিচালনা সম্ভব। আমাদের দলের মন্ত্রীরা অতীতে দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের মাধ্যমে সেটির নজির রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ আগামী দিনে ১১ দলীয় ঐক্য জোট সরকার গঠিত হবে। সেই সরকার হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। আমরা নির্বাচিত হলে দেশে দুর্নীতির সংস্কৃতি থাকবে না। আমাদের এমপি ও জনপ্রতিনিধিরা নিজেরা দুর্নীতি করবে না, কাউকে করতেও দেবে না।’
নাঙ্গলকোট-লালমাই এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকে ইয়াছিন আরাফাতকে বিজয়ী করা হলে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার সার্বিক চিত্র বদলে যাবে। উন্নয়ন হবে পরিকল্পিত ও বৈষম্যহীন।’
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
তিনি বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, বন্ধুত্ব ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমাদের রাজনীতি।’
নাঙ্গলকোট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমির অ্যাডভোকেট শাহজাহান, এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, জামায়াত নেতা ড. দেলোয়ার হাসেন, ছাত্রশিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী, সিআইপি এনআরবি গোলাম কবির ভূঁইয়া, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহম্মেদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত নেতা আমিনুল হক মাওলা ও নাঙ্গলকোট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার।