বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১১

জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি’র প্রার্থী সালাহউদ্দিন আহমদ সোমবার কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল মাঠে শেষ নির্বাচনি জনসভায় কথা বলেন। ছবি: বাসস

কক্সবাজার, ৯ ফেব্রুয়ারি,২০২৬ (বাসস) : জামায়াতকে জাতীয় প্রতারক দল বলে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি’র প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করছে, ভোটের জন্য জান্নাত বিক্রি করছে; তাই জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।

সোমবার বিকেলে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল মাঠে শেষ নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সালাহউদ্দিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বাঁক পরিবর্তন হবে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করার পাশাপাশি দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এসময় কক্সবাজারের উন্নয়নে জনগণের কাছে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।

তিনি আরো বলেন, ‘আমাদের সন্তানরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য। সে স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আর কোন মানুষকে জীবন দিতে হবে না।’

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ‘বিএনপি’র ইতিহাস এদেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস। বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দিবেন। ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে কারণ, বিএনপি’র সরকার, জনগণের সরকার।’

এসময় কক্সবাজারের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদ এর সহধর্মিণী এবং পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ।