শিরোনাম

কুমিল্লা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ পরিবর্তনের বাংলাদেশ গড়তে শাপলা কলি প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় ‘শিশু পার্কে’ উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা দীর্ঘদিন নির্যাতন সহ্য করেও গ্রামেগঞ্জে একটি দলকে বাঁচিয়ে রেখেছেন, তারা তখন দলটির ভেতরে ইনসাফ খুঁজে পেতেন। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেল, যাদের গত ১৭ বছরে খোঁজ পাওয়া যায়নি, তারা হঠাৎ বসন্তের কোকিলের মতো এসে ওই দলটি দখল করে নিয়েছে।
উঠান বৈঠকে উপস্থিত শিশুদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, তোমাদের অনেকেই ভোটার নও, তোমরা আমাকে ভোট দিতে পারবে না। কিন্তু তোমাদের বাবা-মা, চাচা-খালু ও আত্মীয়স্বজনদের বলবে, পরিবর্তনের বাংলাদেশ গড়তে হাসনাত ভাইকে শাপলা কলি প্রতীকে একটি ভোট দিতে। এটা বলতে পারবে তো? তবেই তোমরা আমাকে ভোট দিয়েছো বলে গণ্য হবে।