শিরোনাম

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা-১৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, একটি অশুভ চক্র বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, উস্কানিদাতা ও বিশৃঙ্খলাকারীদের বিষয়ে তিনি এবং তাঁর সমর্থকরা সতর্ক রয়েছেন।
আজ বুধবার নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে মিরপুর-১১ এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ তাঁর সাথে ছিলেন।
আমিনুল হক অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি দল সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করছে। শবে বরাত উপলক্ষে সেই দলের কর্মীরা রাতের আঁধারে মানুষের বাড়ি বাড়ি চাউল ও মুরগি পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, “অসহায় মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। শবে বরাতের আগের রাতে বাড়িতে গিয়ে খাবার ও চাল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিষয়টি সাধারণ মানুষের নজরে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।”
আমিনুল হক জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এসব ঘটনা ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবেও দলের শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন।
তিনি আরও বলেন, “সাধারণ মানুষ এখন অনেক সচেতন। মিথ্যাচার কিংবা প্রলোভনে তারা পা দেবে না। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছি।”