বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৬

রাজাকার বা জঙ্গি আখ্যা দেয়া জনগণ আর গ্রহণ করছে না : গোলাম পরওয়ার 

মিয়া গোলাম পরওয়ার সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। ছবি: বাসস

খুলনা, ২ ফেব্রুয়ারী, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) জামায়াত মনোনীত ১১ দলীয় প্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিক স্বার্থে কাউকে রাজাকার বা জঙ্গি আখ্যা দেয়ার সংস্কৃতি জনগণ আর গ্রহণ করছে না। 

আজ সোমবার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর নামে মিথ্যা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ চালানো হচ্ছে। এ ধরনের বক্তব্য ও আচরণ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। এ ধরনের উসকানি শেষ পর্যন্ত যারা করছে, তাদেরই ক্ষতি ডেকে আনবে।

তিনি বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের ভাষণের সাথে কারও তুলনা চলে না। ঠিক সেই সময় তার একাউন্ট হ্যাক করে মিথ্যা কথা চালিয়ে দিয়ে একটা পরিস্থিতি তৈরির জন্য উস্কানি দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, গত ৫৪ বছরে জনগণ বারবার ভোট দিয়ে প্রতারিত হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল, নদী-খাল দখল ও নানা অনিয়মের মাধ্যমে একটি মহল জনগণের স্বার্থ ক্ষুন্ন করেছে। হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করে রাজনীতি করা যাবে না। আর পুরোনো বিতর্ক তুলে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই উল্লেখ করে তিনি এবার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোক্তার হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাস এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় সহকারী গবেষণা সম্পাদক ওবায়দুর রহমান, খেলাফত মজলিসের খুলনা জেলা সহ সভাপতি মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা ও হাফেজ আমিনুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির, সেক্রেটারি মোমিনুর রহমান, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি হাফেজ সাইদুল ইসলাম, ড. একরাম উদ্দিন সুমন, রাবির হাবিবুর রহমান হলের ভিপি আহমেদ আতাউল্লাহ ফারহান, ঢাবি ছাত্রশিবির নেতা আহমদ আতাউল্লাহ সালমান, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, মাওলানা হাবিবুর রহমান, খেলাফত মজলিসের নেতা মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আবু সাঈদ মাহমুদ, শ্রমিক নেতা মাওলানা সাইদুল্লাহ, শেখ মোসলেম উদ্দিন, মাওলানা আব্দুল হালিম, শেখ আবুল হোসেন, মাওলানা মতিয়ার রহমান, হাফেজ মইন উদ্দিন ও সামিদুল হাসান লিমন।