শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট আমাদের সেটিই শিখিয়েছে। আর সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশে যে সরকার আসবে তার ওপর অনেক বড় দায়িত্ব আসবে।
আজ রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংঘটিত নানা বিষয়ে সংবাদ সম্মেলন তিনি এ সব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ওলি উল্লাহ নোমান, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন উপস্থিত ছিলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজনৈতিকভাবে বড় দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকেও এমনসব কথা বলা হচ্ছে - যা দেশবাসী প্রত্যাশা করে না। আমরা আশা করব যে, নারীদের সম্মান ও মর্যাদা রেখে চলব। একই সঙ্গে আমাদের ব্যাপারে অসত্য, অন্যায় ও মিথ্যা অভিযোগ যারা করছেন- দেশবাসীকে সাথে নিয়ে আমরা তাদের মোকাবিলা করব।
তিনি বলেন, শেরপুরের শ্রীবর্দী থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে মামলা দেওয়া হয়েছে, যা তদন্তাধীন। হত্যাকাণ্ডের পর শহীদ পরিবারের প্রতি সহানুভূতি জানাতে জামায়াতের আমির শ্রীবর্দিতে গেছেন। তার শিশু সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করেছেন। সেই হত্যাকাণ্ডের এক সপ্তাহ যেতে না যেতেই চিহ্নিত সেই সমস্ত সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতার তো দূরের কথা বরং তাদের জামিন দিয়ে জনমনে স্বাভাবিকভাবে আতঙ্ক তৈরি হচ্ছে। উচ্চ আদালতে আপিল করতে বলেছি-যাতে উচ্চ আদালত এই জামিন স্থগিত করেন-বলে তিনি জানান। দোষীদের আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত ১৭ দিনে ৩৩ জেলায় বিভিন্নভাবে সন্ত্রাসীরা এবং বড় একটি দলের নেতাকর্মীরা উসকানি দিয়েছেন আমাদের ভোটের জন্য কাজ করা নারী বা মহিলা কর্মীদের হুমকি দিয়েছেন, অশালীন মন্তব্য করেছেন এবং তাদের প্রতি এমনসব আচরণ ও কটূক্তি করেছেন- যা কোনো সুস্থ মানুষ কল্পনা করতে পারেন না।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য জাতি উন্মুখ। কোনো উসকানি যাতে এ জাতিকে বিভ্রান্ত না করে। দায়িত্বশীল বক্তব্য সবাই দেবেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো আচরণ করা ঠিক না।