
কুড়িগ্রাম, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামের উলিপুরে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়েছে।
আজ রোববার সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকা থেকে ময়ূরটি উদ্ধার করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান স্থানীয়রা। একপর্যায়ে ময়ূরটি ভুট্টাক্ষেতের জালে আটকা পড়ে। তখন ওই এলাকার সাদ্দাম হোসেন ময়ূরটিকে আহত অবস্থায় নিয়ে নিজ বাড়িতে রাখেন।
খবর পেয়ে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান এবং উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।
উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক বলেন, উদ্ধারকৃত ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ময়ূরটি বিরল প্রজাতির হওয়ায় বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান জানান, উদ্ধার শেষে ময়ূরটিকে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, ময়ূরটির শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তীতে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।