
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কক্সবাজার সমুদ্র এলাকায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ রোববার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার রাতে কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে জানতে পেরে অভিযান চালায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা। অভিযানে দু’টি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলেও তারা না মেনে পালানোর চেষ্টা করে। এসময় বোট দু’টিকে কোস্ট গার্ড ধাওয়া করলে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্যটি কোস্ট গার্ড সদস্যদের দিকে গুলি ছুঁড়ে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হয়। অবশেষে ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড আভিযানিক দল।
পরে আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় আহত ডাকাতকে জীবিত উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।