শিরোনাম

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে ব্যবসায়ীদের সহযোগিতায় সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
আজ শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক মতবিনিময় সভায় সারা দেশ থেকে আসা ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার এবং সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
তিনি জানান, আপাতত তিন মাসের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোরবানির ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সময়সীমা সমন্বয় করা যেতে পারে।
তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানসমূহ ইতোমধ্যে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্তসমূহ মেনে চলার আশ্বাস দেন। একই সঙ্গে তারা সরকারের কাছে কয়েকটি সুপারিশ ও দাবি উপস্থাপন করেন। মন্ত্রী এসব দাবি নিয়ে আলোচনার আশ্বাস দেন এবং সাময়িক সময়ের জন্য সরকারের উদ্যোগে সহযোগিতা করার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।