বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬

২২ বছর পর খুলনায় আসছেন তারেক রহমান, অপেক্ষায় নগরবাসী

খুলনায় আসছেন তারেক রহমান। ছবি:বাসস

খুলনা, ২ ফেব্রুয়ারি ৩০২৬ (বাসস): দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২২ বছর পর আজ খুলনা সফরে আসছেন। বেলা ১১টায় নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। তারেক রহমান বেলা ১২টায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। অপেক্ষায় নগরবাসী। 

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শহর ও আশেপাশের জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সমাবেশে ১৫ লাখ লোককে একত্রিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের নির্বাচনি জনসভায় খুলনার বন্ধ মিল-কলকারখানা চালু, দক্ষিণাঞ্চলে পাইপ লাইনে গ্যাস, সুন্দরবন কেন্দ্রিক ট্যুরিজম, তথ্য প্রযুক্তি (আইটি) সেক্টরের উন্নয়ন, কর্মসংস্থানসহ গ্রিন এবং ক্লিন খুলনার প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন। একই সঙ্গে জনসভায় খুলনার উন্নয়নের রূপরেখাও তুলে ধরবেন তিনি। এছাড়াও সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ, উপকূলীয় অঞ্চলের মানুষের জান-মাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, খুলনায় গ্যাস সংযোগ নিশ্চিতকরণ এবং নতুন ইকোনমিক জোন নির্মাণসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণের নানা পরিকল্পনাও দলীয় প্রধানের বক্তব্যে গুরুত্ব পাবে।

নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বাসসকে বলেন, তারেক রহমানের খুলনা সফর কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়, বরং দলীয় নেতাকর্মীদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস এবং মনোবল পুনরুদ্ধারের একটি মুহূর্ত। যারা দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রামে নিয়োজিত রয়েছেন, তাদের জন্য এই সফর অনুপ্রেরণার এক নতুন উৎস হিসেবে কাজ করবে। ২২ বছর পর আমাদের প্রিয় নেতাকে তার নিজ শহরে দেখা আমাদের জন্য আবেগ, গর্ব এবং সম্মানের বিষয়। 

নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, খুলনা ঐতিহাসিকভাবে বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর দলের রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করছি, প্রভাতী স্কুলের সমাবেশে দলীয় কর্মী ও সমর্থকসহ প্রায় ১৫ লক্ষ মানুষ যোগ দেবেন। এই সমাবেশ দক্ষিণাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের আস্থা পুনরুদ্ধারে একটি মাইলফলক হবে। 

এদিকে, দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তারেক রহমানের প্রথম সফরকে কেন্দ্র করে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সব স্তরের নেতা, কর্মী এবং সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।

বিএনপির সাবেক নগর সভাপতি এবং খুলনা-২ বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার বিএনপি প্রার্থীরা তাদের পূর্ণ সাংগঠনিক শক্তিকে একত্রিত করে প্রভাতী স্কুলের সমাবেশে তাদের নিজ নিজ এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষকে নিয়ে যোগ দেবেন।

উল্লেখ্য, এর আগে তারেক রহমান ২০০৪ সালে খুলনা সফরে এসেছিলেন। তিনি শহরের জিয়া হল অডিটোরিয়ামে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন।