বাসস
  ০১ মার্চ ২০২৬, ১০:৪৮

অসচ্ছল বিচারপ্রার্থীদের ১ লাখ ৮৩ হাজার ৭০৫ মামলা নিষ্পত্তি করল এডিআর

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর অধীনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়ায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ১ লাখ ৮৩ হাজার ৭০৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়েছে। শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ সেবা চালু হয়। পরে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হয়।

আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্প সময়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির পদ্ধতিকে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর বলা হয়। এতে উভয় পক্ষই লাভবান হওয়ার সুযোগ পায়।

প্রতিবেদন অনুযায়ী, এডিআর-এর আওতায় ২ লাখ ৭ হাজার ২৫০টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৭০৫টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং এতে উপকারভোগীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৫৮০ জন।

আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী মানুষকে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।