শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উদযাপন কমিটির তৃতীয় সভা হয়েছে।
আজ (রোববার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উদযাপন কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা হয়।
এ সময় জবি উপাচার্য বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। জুলাইকে অন্তর দিয়ে ধারণ করতে হবে। কথা নয় কাজ দিয়েই বাস্তবায়ন করতে হবে জুলাইকে। দিবসটির তাৎপর্য, ইতিহাস এবং গণতান্ত্রিক চেতনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আরও ব্যাপকভাবে তুলে ধরার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হয়। ইতোমধ্যে অনেক বিভাগ ও ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেমিনার আয়োজন সম্পন্ন করেছে এবং একই সঙ্গে দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিতের বিষয়েও আলোচনা হয়।
শহীদ ইকরামুল হক সাজিদ ভবনের নীচতলায় জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিত্র ও ঐতিহাসিক মুহূর্ত নিয়ে একটি ফটোগ্রাফি ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়াও জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের নিয়ে পূর্ণাঙ্গ একটি ডকুমেন্টরী প্রস্তুতের কাজ চলছে।
সভায় উপস্থিত সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আগামী ৪ আগস্ট দিনব্যাপি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
আজকের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, সহায়ক র্কমচারী কল্যান সমিতি, জবি ছাত্রদল ও ক্রীয়াশীল ছাত্র সংগঠনের নেতা, সাংবাদিক এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।