শিরোনাম

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নীতিমালা অনুযায়ী, অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সারাদেশে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আজ সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ভর্তি নীতিমালায় এ কথা বলা হয়।
নীতিমালায় বলা হয়, দেশের সকল কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশ আসনের মধ্যে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে উক্ত আসনে মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন করতে হবে এবং কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না।
নীতিমালা অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) থেকে ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত)। পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিতদের আবেদন ও পছন্দক্রম পরিবর্তন আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর (রাত ৮টা পর্যন্ত)। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার রাত ৮টায়)। আর শিক্ষার্থী প্রাথমিক নিশ্চায়ন করা হবে ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর (শনিবার রাত ৮টা পর্যন্ত)। কলেজে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে ২০ সেপ্টেম্বর (রোববার) থেকে ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সারাদেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
ভর্তির যোগ্যতা ও বিভাগ নির্বাচন বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যেকোনোটিতে আবেদন করতে পারবে। তবে অন্য বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।
নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ভর্তি ফি ২২০ টাকা এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক নিশ্চায়ন ফি ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ও সেশন চার্জ বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে- ঢাকা মেট্রোপলিটনে সর্বোচ্চ ৫ হাজার টাকা, অন্যান্য মেট্রোপলিটনে ৩ হাজার, জেলা সদরে ২ হাজার এবং উপজেলা বা মফস্বল এলাকায় ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
অন্যদিকে নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য বাংলা ভার্সনে—ঢাকা মেট্রোপলিটনে ৭ হাজার ৫০০ টাকা, অন্যান্য মেট্রোপলিটনে ৫ হাজার, জেলা সদরে ৩ হাজার এবং মফস্বলে ২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইংরেজি ভার্সনের ক্ষেত্রে এটি যথাক্রমে ৮ হাজার ৫০০, ৬ হাজার, ৪ হাজার ও ৩ হাজার টাকা।
বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি ফি যথাসম্ভব মওকুফের নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালায় স্পষ্ট করে বলা হয়, অনুমোদনহীন কোনো শাখা বা ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি করা যাবে না এবং অতিরিক্ত ফি আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও এমপিওভুক্তি বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।