বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১৩:৪১
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

কুমিল্লা বোর্ডে এসএসসি’র খাতা পুনর্নিরীক্ষণে শিক্ষার্থীর আবেদন

কুমিল্লা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস): কুমিল্লা বোর্ডে এসএসসি’র ফল পুনর্নিরীক্ষণের জন্য ৯১ হাজার ৪শ’ ৯৪  জনের আবেদন জমা পড়েছে। যা মোট পরীক্ষার্থীর ৬২ দশমিক ৬৭ শতাংশ। এ বছর কুমিল্লা বোর্ডে মোট এসএসসি পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন। গত ১১ থেকে ১৭ আগস্ট ফল পুননিরীক্ষণের আবেদন জমা পড়ে।

 ১০ সেপ্টেম্বরের মধ্যে এর ফল প্রকাশের কথা রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে কোন বিভাগে কত জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে সে বিষয়ে তথ্য প্রকাশ করতে চায় নি কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বাসস’কে জানান, এবার ফল-নিরীক্ষণের আবেদনপত্র জমা দেয়ার সংখ্যাটি আশ্চর্যজনকভাবে বেশি। তবে দ্রুত সময়ের মধ্যে যেন ফল নিরীক্ষণ করে আবার ফলাফল প্রকাশ করা যায় এজন্য অতিরিক্ত জনবল দিয়ে নিরীক্ষণ করানো হচ্ছে। ফলাফল বিবরণীতে দেখা গেছে, এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের ৬৫.৪২ শতাংশ। এবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৩.৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২।

প্রকাশিত ফলাফলে এ বছর পাসের হারে এগিয়ে থাকলেও কমেছে জিপিএ-৫। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৬টি জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। এরমধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে ও ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে পাস করেছে।

এক্ষেত্রে মেয়েদের গড় পাসের হার ৬৬.৮৮ শতাংশ এবং ছেলেদের ৬৩.২৪ শতাংশ। মেয়েদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জন ও ছেলেদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন জিপিএ-৫ পেয়েছে।

বিভাগভিত্তিক পাসের হারে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, এরমধ্যে ছেলে ৮১.৬৬ ও মেয়ে ৮৩.৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫০.৬১ শতাংশ, এরমধ্যে ছেলে ৪৫.০৫ ও মেয়ে ৫২.২৫ এবং বাণিজ্য বিভাগে পাসের হার ৫৭. ৪০ শতাংশ, এর মধ্যে ৫২.৪৪ শতাংশ ছেলে ও ৬৩.৮২ শতাংশ মেয়ে পাস করেছে। এ বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ২৪টি, যা গত বছর ছিল ২২টি।