শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : অভাব কখনো কখনো মানুষের স্বপ্নকে থামিয়ে দিতে চায়। কিন্তু কিছু মানুষ আছেন, যারা সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে নীরবে এগিয়ে আসেন। ঠিক তেমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক মাস্টার্স শিক্ষার্থী, যিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র এবং জিয়া হলের আবাসিক বাসিন্দা, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। কয়েক বছর আগে বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব ও বাস্তবতার কঠিন চাপ তার কাঁধে এসে পড়ে। টিউশনি না থাকায় আয়-রোজগারের পথও প্রায় বন্ধ হয়ে যায়। ফলে মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপের নির্ধারিত অর্থ জোগাড় করাও তার জন্য একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়।
এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়ান ছাত্রদল নেতা তারিক। জানা গেছে, বাইক রাইড শেয়ারিং করে নিজের উপার্জিত অর্থ থেকেই তিনি ওই শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার ফর্ম ফিলাপের সম্পূর্ণ টাকা প্রদান করেন। কোনো প্রচার কিংবা আনুষ্ঠানিকতা নয়, একজন শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থাভাবে থেমে না যায় এই মানবিক বোধ থেকেই তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীর আর্থিক সংকটের কথা জানতে পেরে তারিক বিষয়টিকে ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নেন। নিজের কষ্টার্জিত আয়ের একটি অংশ দিয়ে তিনি নিশ্চিত করেন, অন্তত অর্থের অভাবে যেন একটি শিক্ষাজীবন থেমে না যায়।
ওই ছাত্রের সহপাঠীরা বলেন, ‘আজকের সময়ে অনেক মেধাবী শিক্ষার্থী শুধু অর্থাভাবে উচ্চশিক্ষার পথে বাধার মুখে পড়ে। এমন পরিস্থিতিতে একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো শুধু সহানুভূতির বিষয় নয়, এটি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।’
এ বিষয়ে তারিক বলেন, ‘অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাক, এটা আমি কখনোই চাই না। আমি নিজেও সংগ্রামের পথ পেরিয়ে এসেছি। তাই সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব, শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ছেলেটির সমস্যার কথা জানতে পেরে মনে হয়েছে, এটা আমার দায়িত্ব।’
বিশ্ববিদ্যালয়জুড়ে ঘটনাটি ইতোমধ্যে ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই বলছেন, রাজনীতি শুধু নেতৃত্বের প্রতিযোগিতা নয়; মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর নামই রাজনীতি। আর সেই জায়গা থেকেই তরিকুল ইসলাম তারিক দেখিয়েছেন, একজন ছাত্রনেতার প্রকৃত পরিচয় পদবিতে নয়, বরং মানুষের বিপদে তার অবস্থানে।
অর্থাভাবে যখন একটি স্বপ্ন থমকে যাওয়ার উপক্রম, তখন বাইক চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে সেই স্বপ্নকে আবারও এগিয়ে যাওয়ার শক্তি দিলেন এক ছাত্রনেতা। মানবিকতার এই ছোট্ট গল্প হয়তো মনে করিয়ে দেয় পৃথিবী এখনো সুন্দর, কারণ কিছু মানুষ এখনো অন্যের স্বপ্ন পূরণ করাকে নিজের দায়িত্ব মনে করেন।