শিরোনাম

গাজীপুর, ৩ মার্চ ২০২৬ (বাসস) : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) দুই দিনব্যাপী ‘ডিজিটাল দক্ষতা উন্নয়ন: এমএস ওয়ার্ড, গুগল ওয়ার্কস্পেস ও সাইবার সচেতনতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)আয়োজিত এই কর্মশালাটি আজ মঙ্গলবার গাজীপুর ক্যাম্পাসের ই-লার্নিং সেন্টারে সমাপ্ত হয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, ডিজিটাল দক্ষতা এখন পেশাগত উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। শিক্ষা, প্রশাসন ও গবেষণায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এমএস ওয়ার্ডের উন্নত প্রয়োগ, গুগল ওয়ার্কস্পেসের মাধ্যমে সমন্বিত কাজ এবং সাইবার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তথ্য সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি জানান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।
রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ এবং আইসিটি ইউনিটের প্রধান মো. মমিনুল ইসলাম। তারা এমএস ওয়ার্ডের উন্নত ব্যবহার এবং সাইবার নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদান করেন। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন তালুকদারের সঞ্চালনায় এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।