শিরোনাম

নাটোর, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় শিক্ষার্থীদের মধ্যে ছুটির আনন্দ বিরাজ করছে। বুধবার সন্ধ্যায় নতুন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশোধিত ছুটির তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে ছুটি ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান ও ঈদসহ বিভিন্ন ছুটি মিলিয়ে আজ থেকে ২৬ মার্চ পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে। এরআগে প্রাথমিক, মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহ সংশ্লিষ্ট বর্ষপঞ্জি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি ঘোষণা করা হয়েছিল।
নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা পুরো রমজান মাস ছুটি প্রাপ্তির আনন্দ উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন, আলহামদুলিল্লাহ। রোজা রেখে স্কুলে যাওয়া কষ্টকর। ছুটি ঘোষণা হওয়াতে সারাদিন স্কুলে আবদ্ধ থাকার বিড়ম্বনা থেকে রক্ষা পেলাম। এখন স্বস্তিতে বাড়িতে বসেই পড়ালেখা করতে পারবো।
নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রায়হানুল কবীর বলেন, অনেক বড় ছুটি। অনেক বড় স্বস্তি। রোজা রাখাটা স্বস্তির হলো, পাশাপাশি বাড়িতেই চলবে পড়াশোনা।
নাটোর সদরের বড় হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান বলেন, অনেক ছুটি, অনেক আনন্দ। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হোমায়রা হিমু বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সংযুক্ত প্রতিষ্ঠান হওয়াতে আমরা ছুটি পাচ্ছিলাম না। কিন্তু দেশের সকল স্বতন্ত্র কলেজ ও মাদ্রাসায় গতকাল থেকেই ছুটি শুরু হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকের ছুটি ঘোষণা করায় বৈষম্য দূর হলো।
একই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আজ থেকে সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করায় নতুন সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও
কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকার আমাদের মানসিক অবস্থা বুঝতে পেরে ছুটি প্রদান করায় কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সিদ্ধান্ত শিক্ষার্থী-বান্ধব বলে আমি মনে করি।