শিরোনাম

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস) : দেশের এমপিওভুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি) পদের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও গ্রেড পুনঃনির্ধারণ করেছে সরকার।
নতুন নিয়ম অনুযায়ী যেসব শিক্ষক এনটিআরসিএ-এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১ কোডে যোগদান ও এমপিওভুক্ত হয়েছেন, তারা এখন থেকে ‘১০ কোড’ অনুযায়ী উচ্চতর বেতন স্কেল পাবেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ১১ কোডধারী সংশ্লিষ্ট শিক্ষকদের মেমিস সফটওয়্যারের ‘পুনঃনিয়োগ’ অপশনে গিয়ে ১০ কোডের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক পরিপত্রে ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’-এর পরিশিষ্ট-‘ঘ’ সংশোধন করে এই পদের নতুন যোগ্যতা ও বেতন স্কেল নির্ধারণ করা হয়।
পরিপত্র অনুযায়ী, সহকারী শিক্ষক (কৃষি) পদের জন্য সংশোধিত শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান বা ডিভিএম বিষয়ে স্নাতক/সমমান ডিগ্রি অথবা ন্যূনতম ৩ বছরের কৃষি ডিপ্লোমা/সমমান।
এছাড়া, উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরাও এই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অনূর্ধ্ব ৩৫ বছর বা সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য বলে পরিপত্রে বলা হয়।
পরিপত্রে আরও বলা হয়, কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ৩ বছরের ডিপ্লোমাধারীরা সরাসরি ১০ম গ্রেডে বেতন পাবেন।
অন্যদিকে, উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যায় স্নাতক ডিগ্রিধারীরা প্রথমে ১১তম গ্রেডে যোগদান করবেন। পরবর্তীতে বিএড ডিগ্রি অর্জন সাপেক্ষে ১০ম গ্রেডের স্কেল প্রাপ্য হবেন।