বাসস
  ৩০ জুন ২০২৬, ২১:৩০

বিইউপি’র বার্ষিক সিনেট সভায় ১৪৯ কোটি টাকার বাজেট অনুমোদন

ছবি: বাসস

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস): বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ১৮তম বার্ষিক সিনেট সভা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৪৯ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম। সভায় ট্রেজারার এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান চলতি অর্থবছরের ১৪৩ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার টাকার সংশোধিত বাজেট এবং নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যরা বাজেট ও ১৮তম বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা শেষে তা অনুমোদন করেন।

সিনেট চেয়ারম্যান বলেন, বিইউপি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও প্রযুক্তিগত দক্ষতার ওপর সমান গুরুত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত আধুনিক ভবন ও আবাসিক হলসমূহ বিইউপির আধুনিকায়নের মাইলফলক। উপাচার্য আন্তর্জাতিকীকরণের ধারা অব্যাহত রাখতে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান সভা সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।