শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৩০ জুন, ২০২৬ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬২তম যৌথ সভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রাক্কলিত ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেটও অনুমোদন করা হয়।
আজ সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত এই যৌথ সভায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ও ফাইন্যান্স কমিটির সচিব মো. আমিরুল ইসলাম এ বাজেট পেশ করেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
তিনি বলেন, শিক্ষা-গবেষণা ও সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেশনাল রিসার্চ বা প্রয়োগমুখী গবেষণা বৃদ্ধির করার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব র্যাংকিংয়ে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে।
যৌথ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সিন্ডিকেট সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস.এম. ফজলুল হক, অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, মোহাম্মদ আলী এবং এম. সিরাজ উদ্দিন মিয়া। সভায় অনলাইনে অংশগ্রহণ করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।
এছাড়া যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, অধ্যাপক ড. মোহাম্মদ নেছারুল করিম, অধ্যাপক আবু মুহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ড. শাহাদাত হোছাইন, অধ্যাপক ড. মোরশেদুর রহমান ও হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল আহাদ, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম এবং পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।