শিরোনাম

ঢাকা, ৩০ জুন, ২০২৬ (বাসস) : দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল বুধবার ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ দিবসটি উদযাপন উপলক্ষ্যে গঠিত বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় এবং শিক্ষা ও গবেষণার আধুনিকায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দিনব্যাপী নানা আয়োজন :
দিবসটি উদযাপন উপলক্ষে আগামীকাল সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সকল হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। সেখান থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেবেন।
সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি)সম্মুখস্থ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন এবং কেক কাটা হবে। এসময় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও বিশ্ববিদ্যালয়ের থিম সং এবং রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশিত হবে। এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্য একটি সংগীত পরিবেশিত হবে।
সকাল ১০ টা ৩০ মিনিটে টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে আগামীকাল ১ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে, তবে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদ :
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামীকাল বুধবার বিকেল ৩ টায় অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ :
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার বেলা ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।